প্রিন্ট এর তারিখঃ Nov 25, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 25, 2026 ইং
ফের এজিএমের তারিখ, বকেয়া স্পন্সর অর্থ আদায়ে অপেক্ষা বাড়ছে

দুপুরের পর থেকেই বাফুফে ভবন সরগরম। নির্বাহী কমিটির সভা উপলক্ষ্যে একে একে আসছিলেন কর্মকর্তারা। দুপুর গড়িয়ে বিকেল, শেষ অব্দি সন্ধ্যায় শেষ হয়েছে সভা। বেশ কয়েকটি আলোচ্যসূচি থাকলেও কার্যকরি সিদ্ধান্ত বার্ষিক সাধারণ সভার নতুন দিনক্ষণ ছাড়া আর কিছু পাওয়া যায়নি।
কয়েক মাস আগে বার্ষিক সাধারণ সভার দিন ধার্য করেছিল ফেডারেশন। অথচ তখন অডিট রিপোর্ট তৈরিই হয়নি, পরবর্তীতে সেই সভা স্থগিত করতে বাধ্য হয় ফেডারেশন। আজকের নির্বাহী সভায় ২০২৭ সালের ৪ ফেব্রুয়ারি বসুন্ধরা কনভেনশন সেন্টারে নতুন দিনক্ষণ ঠিক হয়েছে। এজিএমের পূর্ব পর্যন্ত আর্থিক প্রতিবেদন কাউন্সিলরদের কাছে পেশ করবে নির্বাহী কমিটি।
আজকের সভার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় ছিল বাফুফে কয়েকটি প্রতিষ্ঠানের কাছে স্পন্সর সংক্রান্ত অমীমাংসিত পাওনাদি। কয়েক বছর পেরিয়ে গেলেও সেই অর্থ আদায় করতে পারেনি। আজকের সভাতেও সেই সমাধান আসেনি। এই বিষয়টি মিডিয়ায় ব্রিফ করার সময় মিডিয়া কমিটির চেয়ারম্যান এড়িয়ে যাচ্ছিলেন। সাংবাদিকদের জানার চেষ্টা ছিল কে স্পোর্টস-বসুন্ধরার কাছে ফেডারেশনের অমীমাংসিত দেনা-পাওনা নিয়ে অডিট কমিটি পর্যবেক্ষণ দিয়েছে। সেই পর্যবেক্ষণের আলোকে আজকের সভার সিদ্ধান্ত কী? মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু উত্তরে বলেন, ‘এই বিষয়টি আলোচনা হয়েছে, দুই জনকে এই বিষয়টির জন্য দায়িত্ব দেয়া হয়েছে।’
কে স্পোর্টসের স্বত্ত্বাধিকারী ফাহাদ করিম এখন ফেডারেশনের সহ-সভাপতি। ফেডারেশনের নীতি-নির্ধারণে অনেক প্রভাব তার। আরেক পাওনা প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তা ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি। দুই জনই কমিটির গুরুত্বপূর্ণ পদে থাকায় ফেডারেশনের ন্যায্য অধিকার শেষ পর্যন্ত আদায় হবে কি? এমন প্রশ্নের উত্তরে সহ-সভাপতি নাসের শাহরিয়ার জাহেদী বলেন, ‘বিষয়টি অনেক দিন ধরে অমীমাংসিত। তাদের পক্ষ থেকেও কিছু পয়েন্ট রয়েছে, সব কিছু মিলিয়ে বিষয়টি সুন্দর মীমাংসার জন্য দুই জনকে দায়িত্ব দেয়া হয়েছে। যে দুই জনকে দায়িত্ব দেয়া হয়েছে তাদের কোনো কনফ্লিক্ট অব ইন্টারেস্ট নেই।’
বাফুফের অভ্যন্তরীণ অডিট কমিটি এই প্রতিষ্ঠানগুলোর পাওনার বিষয়ে ফিন্যান্স কমিটির কাছে চিঠি লিখেছিল। ফিন্যান্স কমিটির চেয়ারম্যান স্বয়ং বাফুফে সভাপতি। সেই কমিটির কাছ থেকে কোনো উত্তর আসেনি। ফলে অডিট কমিটি বাধ্য হয়ে পর্যবেক্ষণ দিয়ে নির্বাহী কমিটিতে উঠিয়েছে। ব্রিফিংয়ে বাফুফের দুই কর্মকর্তা দুই জনের উপর দায়িত্ব আরোপের কথা বললেও মূলত অমীমাংসিত বিষয়টি সভাপতি তাবিথ আউয়ালই দেখাশোনা করবেন এবং পুনরায় ফিন্যান্স কমিটির উপরই বর্তেছে।
বাফুফের সিনিয়র সহ-সভাপতি ইমরুল হাসান ফেডারেশনকে কয়েক দফা তাগাদা দিয়েছেন দেনা-পাওনার বিষয়টি কাটাকাটি করতে। ফেডারেশন বসুন্ধরার কাছে স্পন্সরের অর্থ পায় আবার বসুন্ধরা প্রাইজমানি, অংশগ্রহণ ফিসহ নানা অর্থ পাওনা ফেডারেশনের কাছে। এই সমন্বয় এখনো না হওয়ায় ফেডারেশনের স্টাফদেরও দায় দেখছেন অনেকে। নারী লিগে ভ্যাট সময়মতো প্রদান না করায় ২ শতাংশ জরিমানা হয়, এজন্য ফেডারেশন স্টাফরা নির্বাহী কমিটির কাছে প্রশ্নের মুখে পড়েছিল। আজকের সভায় ফেডারেশনের বর্তমান প্রধান অর্থ কর্মকর্তাকে দশ দিনের মধ্যে একটি বিষয়ে রিপোর্ট দিতে বলা হয়েছে।
অডিট কমিটি জেএফএ নারী ফুটবল লিগ কমিটির ব্যয়ের কিছু অসঙ্গতি প্রদর্শন করে। রাজশাহীতে একাধিক ব্যক্তি সফর করেছিল, কিন্তু এক জনের সঙ্গে আরেক জনের ব্যয়ের পার্থক্য অনেক। একাধিক ব্যক্তি কেন এবং দুই জনের সমান ন্যয্যতা না থাকায় অডিট কমিটি প্রশ্ন তুলেছিল। আজ নির্বাহী সভায় ফেডারেশনের কোনো টুর্নামেন্ট বা প্রয়োজনীয় সফরে ভাতা সংক্রান্ত বিষয়ে নীতিমালা প্রণয়নের সিদ্ধান্ত হয়েছে। জাতীয় দলের ফুটবলার সাদ উদ্দিন শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে গিয়ে ব্যথা পান। ফুটবল ফেডারেশন সাদের ব্যয় বহন করবে। ফিফা ক্লাব প্রটেকশনের আওতায় থাকলেও বাফুফে আগে নিজ থেকেই খরচ করবে। এরপর ফিফার অর্থ পেলে সাদের খরচ সমন্বয় এবং সাদ খেলতে না পারায় মোহামেডানের ক্ষতির হিসাব নিরুপণ করে পাশে দাঁড়াবে।
বাংলাদেশ ফুটবল লিগের দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপ লিগ, নারী ফুটবল লিগের দল সংখ্যা নিয়ে আলোচনা হলেও সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। ফাস্ট ইনস্ট্যান্ট বডি (এফআইবি) সিদ্ধান্ত প্রদান করলে এরপর নির্বাহী কমিটি অনুমোদন দেবে। তবে নারী লিগে অন্তত ১০ কিংবা ১২ দল করার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। কক্সবাজার ট্যাকনিক্যাল সেন্টারে সম্ভাব্যতা যাচাইয়ের জন্য বুয়েটকে দায়িত্ব দেয়ার সিদ্ধান্ত হয়েছে।
বাংলাদেশ এএফসি থেকে কখনো দুটো পুরস্কার পায়নি। এবার প্রথম পাওয়ায় আজকের সভায় এই সাফল্যে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানানো হয়েছে। ফেডারেশনের সহ-সভাপতি নাসের শাহরিয়ার জাহেদীর তথ্য, এবার বাংলাদেশ ও জাপান দুটো পুরস্কার পেয়েছে। এর আগে অস্ট্রেলিয়া এক বছরে দুটো পুরস্কার পেয়েছিল। সাফ ব্যর্থতার পর সারা দেশের ফুটবলপ্রেমীরা আলোচনা করছেন, অথচ ফেডারেশনের নির্বাহী কমিটিতে এজেন্ডা না থাকায় কোচ কিংবা জাতীয় দলের পারফরম্যান্স নিয়ে সেভাবে কোনো আলোচনা হয়নি।
এই ওয়েবসাইটের সকল ছবি ও ভিডিও অনুমতি ব্যতীত ব্যবহার করা নিষেধ। উক্ত নিউজ পোর্টালটির নিবন্ধন কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।